কেন পদত্যাগ করেছিলেন জানালেন শন টেইট

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১২:৪০ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলিং কোচের পদ থেকে শন টেইটের আকস্মিক পদত্যাগ ক্রিকেটপাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছিল। গত বছরের মে মাসে দায়িত্ব নিয়েছিলেন তিনি। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ছিল চুক্তি। তবে জুনের শুরুতে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার পর এবার নিজের এই কঠিন সিদ্ধান্তের পেছনে আসল কারণ খোলাসা করেছেন টেইট।

জানিয়েছেন, কোনো ক্ষোভ বা বিবাদ নয়, মূলত পরিবার ও সন্তানকে বাড়তি সময় দিতেই তিনি বিসিবির চাকরি ছেড়েছেন। পাকিস্তানভিত্তিক ক্রিকেট ওয়েবসাইট ‘পাকপ্যাশন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে টেইট স্পষ্ট করেন, এই সিদ্ধান্ত হুট করে নেওয়া নয়, বরং বেশ কিছুদিন ধরেই বিষয়টি নিয়ে ভাবছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে বছরের প্রায় ১০ মাসই দেশের বাইরে কাটাতে হতো তাকে। এতে পরিবারকে দিতে পারছিলেন না যথেষ্ট সময়। সেসব নিয়ে টেইট বলেন, ‘অস্ট্রেলিয়ায় আমার আট বছর বয়সী একটি মেয়ে আছে। তার বেড়ে ওঠার এই গুরুত্বপূর্ণ সময়ে বাবার পাশে থাকাটা জরুরি। মেয়ের বয়স যদি ২০ বছর হতো, তবে হয়তো পরিস্থিতি ভিন্ন হতো। অনেকেই মনে করতে পারেন আমি দলকে মাঝপথে ফেলে চলে গেছি, কিন্তু পরিবারের স্বার্থে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় ছিল না।’

বিসিবি সূত্রে জানা গেছে, পদত্যাগের ইচ্ছা প্রকাশের পরও টেইট আরও কিছুদিন দায়িত্ব চালিয়ে যাওয়ার আগ্রহ দেখিয়েছিলেন। তবে দুই পক্ষের আলোচনার পর শেষ পর্যন্ত জুনের শুরুতেই নিশ্চিত হয় তার বিদায়। এতে বোর্ডের সাথে কোনো অমীমাংসিত দূরত্বের বা ক্ষোভ আছে এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে টেইট বলেন, ‘বিসিবির সাথে আমার দারুণ সময় কেটেছে। বাংলাদেশে সবসময়ই কোনো না কোনো পরিবর্তন বা প্রক্রিয়া চলমান থাকে। তবে বোর্ডের প্রতি আমার কোনো অভিযোগ নেই। তারা আমার প্রতি যথেষ্ট আন্তরিক ছিল।’

আপাতত পূর্ণ মেয়াদে আন্তর্জাতিক ক্রিকেটে না ফিরলেও কোচিং থেকে পুরোপুরি দূরে সরছেন না টেইট। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি জানান, পুরো বছর ব্যস্ত থাকতে হয় এমন দায়িত্বের চেয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ বা জাতীয় দলের নির্দিষ্ট কোনো সংস্করণ, টি-টোয়েন্টি বা ওয়ানডে নিয়ে স্বল্প মেয়াদে কাজ করতেই তিনি এখন বেশি আগ্রহী।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত