সাত দিন ধরে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপ, চরম দুর্ভোগ

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১০:২৮ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবে টানা এক সপ্তাহ ধরে দেশের মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ। বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় গত বৃহস্পতিবার দুপুর থেকে সন্দ্বীপের সঙ্গে সব ধরনের নৌযোগাযোগ বন্ধ রয়েছে। এতে চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরুটের কয়েক হাজার যাত্রী এবং ফেরিঘাটে শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।

নৌযান চলাচল বন্ধ থাকায় জরুরি রোগী, প্রবাসগামী যাত্রী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। একই সঙ্গে ফেরি চলাচল বন্ধ থাকায় পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে এবং পুরো দ্বীপের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।

গত বৃহস্পতিবার ও শুক্রবার সন্দ্বীপ চ্যানেলের কুমিরা-গুপ্তছড়া রুটে সীমিত পরিসরে স্পিডবোট ও ট্রলার চলাচল করলেও আবহাওয়ার আরও অবনতি হওয়ায় পরে সেগুলোও সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।

রবিবার ছিল সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিন। কিন্তু নৌযোগাযোগ বন্ধ থাকায় ঈদের ছুটি বা সাপ্তাহিক ছুটিতে বাড়িতে আসা অনেক চাকরিজীবী এখনো কর্মস্থলে ফিরতে পারেননি। অন্যদিকে, জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে যেতে না পেরে ভোগান্তিতে পড়েছেন অসংখ্য রোগী। এছাড়া বিদেশগামী যাত্রীদের অনেকেই নির্ধারিত ফ্লাইট, ছুটি ও ভিসার মেয়াদ নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন।

গত বৃহস্পতিবার থেকে সন্দ্বীপ চ্যানেলের বাঁশবাড়িয়া-গুপ্তছড়া রুটে ফেরি ‘কপোতাক্ষ’-এর চলাচলও সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে কুমিরা ও গুপ্তছড়া—উভয় ফেরিঘাটে শতাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান আটকা পড়েছে। দীর্ঘ এক সপ্তাহ ধরে ঘাটে অবস্থান করায় অনেক যানবাহনে থাকা কাঁচামাল ও পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে, ফেরিঘাটে পর্যাপ্ত রেস্তোরাঁ, শৌচাগার কিংবা গোসলের ব্যবস্থা না থাকায় দূর-দূরান্ত থেকে আসা চালক ও শ্রমিকরা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। তাদের অভিযোগ, দীর্ঘ সময় ঘাটে আটকে থাকলেও ন্যূনতম মানবিক সুযোগ-সুবিধার ব্যবস্থা নেই।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে সাগর এখনো উত্তাল রয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত নৌযান চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। ফলে কবে নাগাদ সন্দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের নৌযোগাযোগ পুনরায় চালু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো পূর্বাভাস দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত