চট্টগ্রামের সন্দ্বীপে নাসির উদ্দীন বাবুল নামে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের পণ্ডিতের হাটের দক্ষিণে নীড বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ নাসিরউদ্দীন বাবুল সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক। স্থানীয়রা তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে চট্টগ্রামে পাঠানো হয়।
বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের।
আবু তাহের বলেন, ‘নাসিরউদ্দীন বাবুল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক। শুক্রবার রাতে হামলায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। রাত ২টায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল মুছাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিমের ভাই। সম্প্রতি স্থানীয় এক পুলিশ সদস্যকে অপহরণের মামলায় আব্দুল করিম আটক হওয়ার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে কারা এবং কী কারণে বাবুলের ওপর হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ সুজন হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে; তবে এখনো কোনো মামলা রুজু হয়নি।