শিল্পকলায় আজ সন্ধ্যায় 'রঙমহাল' ও 'লাইলী মজনু

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৫ পিএম

মঞ্চে আবার প্রদর্শিত হবে নাটক 'রঙমহাল' ও 'লাইলী মজনু’। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন এবং এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটক দুটি মঞ্চস্থ হবে। 

 ঢাকা থিয়েটারের ৫৪তম প্রযোজনা নাটক 'রঙমহাল' নির্দেশনা দিচ্ছেন অভিনেতা ফারুক আহমেদ। গেল বছরের ডিসেম্বরে নাটকটির প্রথম প্রদর্শনী হয়। নাটকটি লিখেছেন রুবাইয়াৎ আহমেদ। এতে অভিনয় করছেন নাসরিন নাহার, মিলু চৌধুরি, ফারজানা চুমকি, বদরুজ্জামান বাদল, মোস্তফা রতন, হাবিবা আজিজ হ‍্যপী ও অনিক ইসলাম সহ একদল নতুন ও নবীন অভিনেতা। 

আর 'লাইলী মজনু' নাটকটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের। মধ্যযুগীয় কবি দৌলত উজির বাহরাম খানের অমর কাব্য অবলম্বনে নির্মিত এ নাটকের নাট্যরূপ, পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক তানভীর নাহিদ খান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতক তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টারের একঝাঁক প্রতিভাবান শিক্ষার্থী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত