ঝালকাঠিতে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৫:৫৭ পিএম

ঝালকাঠি শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে শহরের কলেজ মোড় এলাকায় পরিচালিত এ অভিযানে ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা এবং ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়।

অভিযানে জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার এস এম সাইফুল ইসলাম ও এস এম আশরাফুল ইসলাম নেতৃত্ব দেন।  

পৌরসভার পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী মো. নাজমুল হাসানসহ আনসার সদস্য এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।অভিযান চলাকালে শহরের গুরুত্বপূর্ণ রাস্তার পাশের ফুটপাত থেকে প্রায় ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাতে অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারীদেরও সতর্ক করা হয় এবং পুণরায় দখল না করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার এস এম সাইফুল ইসলাম বলেন , ঝালকাঠি শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি করাই এ অভিযানের মূল উদ্দেশ্য। তবে কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ কারণে জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত