বড়লেখায় নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০১:৪১ এএম

মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে মতিউর রহমান (২১) নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানকালে তার কাছ থেকে ৩৮ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া। মামলায় প্রসিকিউশন পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে উপজেলার হাকালুকি কানুনগো বাজারে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’-এর ৫ ধারা লঙ্ঘনের অপরাধে হবিগঞ্জের বাহুবল উপজেলার ইজ্জতপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মতিউর রহমানের বিরুদ্ধে একটি মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এছাড়া বিক্রির জন্য রাখা ৩৮ কেজি পিরানহা মাছ জব্দ করে বিধি মোতাবেক মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন, পিরানহা মাছ ও এর পোনা ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি এই মাছ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংশ্লিষ্ট আইনের বিধানসমূহ সবাইকে অবহিত করেন এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত