জিম্বাবুয়ে সফরে গিয়ে একের পর এক দুঃসংবাদ শুনতে হচ্ছে বাংলাদেশ দলকে। মাঠের ক্রিকেটে যেমন ভরাডুবি হচ্ছে, তেমনি মাঠের বাইরে চলছে চোটের মিছিল। পুরনো চোট এখনো ভালো না হওয়ায় জিম্বাবুয়ে সফরের কোনো ম্যাচ না খেলেই ফিরতে হচ্ছে উইকেটরক্ষক লিটন দাসকে। এবার সে তালিকায় যুক্ত হয়েছেন মোস্তাফিজুর রহমান। প্রথম ওয়ানডেতে পাওয়া চোটে ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজও শেষ হয়ে গেছে এই বাঁহাতি পেসারের।
এক সংবাদ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম জানান, ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মোস্তাফিজ। একই পায়ের হাঁটুতেও ব্যথা আছে তাঁর। এজন্য বৃহস্পতিবার হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামতে পারেননি মোস্তাফিজ। তাঁর পরিবর্তে সুযোগ পান শরিফুল ইসলাম। তবে সুবিধা করতে পারেননি তিনি। ১০ ওভারের কোটা পূর্ণ করে ৫০ রান দিলেও কোনো উইকেট নিতে পারেননি।
আগামী শনিবার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। এরপর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বুলাওয়েওর কুইন্স স্পোর্টস ক্লাবে।
আগামী ১৫ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে মাঠের লড়াই। ১৭ জুলাই দ্বিতীয় এবং ১৯ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়।