ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় পলেস্তারা খসে দুর্ঘটনার শঙ্কা

আপডেট : ১০ জুলাই ২০২৬, ১২:৫২ পিএম

হবিগঞ্জের মাধবপুরে ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিদ্যালয় ভবনের একাধিক শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ায় প্রতিদিন চরম ঝুঁকির মধ্যে পাঠদান চলছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় রয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।

স্থানীয়রা জানায়,বিদ্যালয়ের বেশ কয়েকটি শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা বিভিন্ন সময় খসে পড়েছে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পাঠ চলাকালীন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবকেরা।

অভিভাবকদের দাবি, শিশুদের নিরাপত্তার স্বার্থে জরুরি ভিত্তিতে বিদ্যালয় ভবনটি সংস্কার অথবা নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল হাসান জানান, ভবনের জরাজীর্ণ অবস্থার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তিনি এবিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছে।

এব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান বলেন, বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধান শিক্ষকদের সমন্বয় সভায় বিদ্যালয়ের ভবনের বিষয়ে আলোচনা হয়েছে। জরাজীর্ণ বিদ্যালয়সমূহের বিষয়ে আমরা নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আসছি।

১৯৬৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে ২৩১ শিক্ষার্থী অধ্যয়ন করছে। পাঠদানের দায়িত্বে রয়েছেন ৮ জন শিক্ষক। তবে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপদ অবকাঠামোর অভাবে উদ্বেগ বাড়ছে দিন দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত