জাতীয় প্রেস ক্লাব সদস্যদের জন্য পাইয়াথাই-২ হাসপাতালের বিশেষ স্বাস্থ্যসেবা

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৮:২৯ পিএম

জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ চিকিৎসাসুবিধা দিতে থাইল্যান্ডের পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে জাতীয় প্রেস ক্লাব।

শুক্রবার (১০ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই হয়। এর ফলে প্রেস ক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা থাইল্যান্ডের পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাসেবার ক্ষেত্রে বিশেষ ছাড় ও অন্যান্য সুবিধা পাবেন।

সমঝোতা স্মারকে পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হাসপাতালের পক্ষে মার্কেটিং ডিরেক্টর সোরাওং সিরিবুনপান এবং জাতীয় প্রেস ক্লাবের পক্ষে সভাপতি কবি হাসান হাফিজ সই করেন।

ঢাকায় হাসপাতালটির প্রতিনিধি প্রতিষ্ঠান মোমেন্টাম মেডিকেয়ারের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হাসপাতালের সিনিয়র ম্যানেজার (ইন্টারন্যাশনাল মার্কেটিং) সুয়াদী নিমা ও ইন্টারন্যাশনাল মার্কেটিং অফিসার রাওয়িসারা সাংসুওয়ান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় প্রেস ক্লাবের স্বাস্থ্যসেবা উপকমিটির আহ্বায়ক এ কে এম মোহসিন।

এ সময় জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, সদস্য কাজী রওনাক হোসেন ও শাহনাজ পলি, জ্যেষ্ঠ সাংবাদিক রফিকুর রহমান ও বুলবুল আহমেদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলামসহ জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত