ঝালকাঠি জেলার নলছিটিতে পাঁচ বছরের মেয়েকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। তবে স্থানীয়দের তাৎক্ষণিক উদ্যোগে মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া ওই নারীর নাম লাকি আক্তার। তিনি নলছিটি শহরের আদম আলীর ছেলে সাইদুল ইসলামের সাবেক স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লাকি আক্তার তার পাঁচ বছর বয়সী মেয়েকে নিয়ে ফেরিঘাট এলাকা থেকে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত নদীতে নেমে উদ্ধার অভিযান চালায়। পরে মা ও শিশুকে জীবিত উদ্ধার করে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে লাকি আক্তার জানান, বিয়ের পর থেকেই তার স্বামীর সঙ্গে পারিবারিক কলহ চলছিল। কিছুদিন আগে তিনি স্বামীকে তালাক দেন। এরপর তার মেয়েকে নিজের কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছিল। এসব কারণে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে সাইদুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান বলেন, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মা ও শিশু বর্তমানে নিরাপদ রয়েছেন। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।