ঝালকাঠি পৌরসভার আয়োজনে এবং শহর সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় স্থানীয় অসহায় ও কর্মসংস্থানহীন মানুষের মাঝে অটোরিকশা বিতরণ করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) সকাল ১০টায় ঝালকাঠি পৌরসভা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে ৬ জন অসহায় মানুষের মাঝে এই অটোরিকশাগুলো হস্তান্তর করা হয়।
শহরের মানুষের জন্য মূলত যারা ভিক্ষাবৃত্তিতে জড়িত তাদের কর্মসংস্থানের জন্য সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় ৪ লাখ ৭৯ হাজার টাকা ও পরবর্তীতে পৌরসভা থেকে আরো ৩১ হাজার টাকাসহ মোট ৫ লাখ ৯ হাজার টাকা ব্যয়ে ছয়টি অটোরিকশা তৈরি করে পৌর এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে এবং তাদের স্থায়ী আয়ের উৎস স্থায়ী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে শহরের এমন ৬ জনকে এই অটোরিকশা দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। এই ৬ জন সুবিধাভোগী ভিক্ষাবৃত্তি ছেড়ে অটো রিক্সার মাধ্যমে নিজের কর্মসংস্থান গড়ে তুলবেন এমন পরিকল্পনার কথা চিন্তা করে সমাজসেবা কার্যালয় ও ঝালকাঠি পৌরসভা এমন সিদ্ধান্ত নিয়েছে।
সুবিধাভোগীরা হলেন- আরব হাওলাদার, জাহাঙ্গীর সিকদার, খলিল হাওলাদার, মিনারা বেগম, মনোয়ার হোসেন, ও পারভীন আক্তার সাথী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ঝালকাঠি পৌরসভার প্রশাসক মো. কাওছার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (রুটিন দায়িত্ব) মো. মিজান সালাহউদ্দিন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অটোরিকশা বিতরণ শেষে ঝালকাঠি পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন বলেন, ভিক্ষা করে বা ভিক্ষা বৃত্তিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত এমন ৬ জনকে পৌর শহর এলাকা থেকে খুঁজে বের করে তাদের স্বাবলম্বী করতে এবং তাদের স্থায়ী আয়ের উৎস তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক