বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৯:৩৭ পিএম

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে খাদ্যপণ্যের বাণিজ্য আরও সহজ ও সম্প্রসারণে যৌথভাবে কাজ করার বিষয়ে সম্মতি হয়েছে। এ লক্ষ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করবে দুই দেশ । 

রবিবার (১২ জুলাই) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে ।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান অসিম আজিম সিদ্দিকির নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফর করে। তারা বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে । এতে বাংলাদেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন ।

বৈঠকে পাকিস্তান বাংলাদেশে চাল, মসুর ডাল, ছোলা, সার এবং ভোজ্যতেল রপ্তানিতে আগ্রহ প্রকাশ করে । অন্যদিকে পাকিস্তানের বাজারে বাংলাদেশি পাট ও পাটজাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে উল্লেখ করে সেসব পণ্য আমদানিতে আগ্রহ দেখানো হয় ।

দুই দেশের মধ্যকার যৌথ কর্মদল (জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ) এর কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়েও সম্মত হয়েছে তারা। এর অংশ হিসেবে উভয় দেশ আরও বাণিজ্য প্রতিনিধি দল বিনিময় করবে এবং কৃষি ও শিল্প খাতে যৌথভাবে কাজ করবে ।

প্রস্তাবিত সমঝোতা স্মারক বাণিজ্যিক বাধা কমানোর পাশাপাশি দুই দেশের সরকারের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করবে, যা ব্যবসা সহজ করতে সহায়তা করবে ।

বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তান সাধারণ কূটনৈতিক সম্পর্কের বাইরে খাদ্য সরবরাহসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর দিকে এগোচ্ছে । এর আগে গত জানুয়ারিতে পাকিস্তান থেকে ৫০ হাজার টন চাল আমদানির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যা দুই দেশের সরকারি পর্যায়ের প্রথম বাণিজ্য চুক্তি ছিল ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত