সোমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট : ১২ জুলাই ২০২৬, ১০:১৪ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (১৩ জুলাই) একদিনের সরকারি সফরে বরিশাল যাচ্ছেন। সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম বরিশাল সফর। প্রধানমন্ত্রী এই সফরে বৃক্ষরোপনসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।

রোববার (১২ জুলাই) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (১৩ জুলাই) সকালে সড়কপথে বরিশাল যাবেন। সেখানে বৃক্ষরোপণের কয়েকটি কর্মসূচি রয়েছে।’

প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে- গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল খালের পাশে বৃক্ষরোপণ। বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি স্মৃতিসৌধ এলাকায় বৃক্ষরোপণ। ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী বা সাগর নদীর তীরে বৃক্ষরোপণ।

বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক সভায় যোগ দেবেন। নির্ধারিত সকল কর্মসূচি শেষ করে সোমবার সন্ধ্যায় তিনি সড়কপথেই ঢাকায় ফিরে আসবেন। 

প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে পুরো দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিনের কিছু বড় অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প নিয়ে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে স্থানীয়রা আশা করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত