রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য ও বিশ্লেষক গোলাম মাওলা রনি টকশো ছাড়ার ঘোষণা দিয়েছেন। তবে এখন থেকে নিয়মিত ইউটিউব চ্যানেলে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।
আজ সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।
গোলাম মাওলা রনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আল বিদা টকশো। ব্যস্ততা ও স্বাস্থ্যগত কারনে আজ থেকে কোন টিভি টকশোতে যাব না। শুধু আমার নিজের ইউটিউব চ্যানেলে কথা বলব ইনশাআল্লাহ।’
গোলাম মাওলা রনি ২০০৮ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে পটুয়াখালী-৩ আসন থেকে জাতীয় সংসদের সদস্য (এমপি) নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৮ সালের ২৬ নভেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন।
২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি। ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। ২০১৮ সালের ২৬ নভেম্বরে বিএনপিতে যোগদান করেন। ২০১৮ সালের নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে মনোনয়ন পেয়ে নির্বাচন করে পরাজিত হন।