বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্রের বুকে আট দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে সন্ধান মিলল মাছ ধরার ট্রলারের। দক্ষিণ ২৪ পরগনার বকখালি উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে চুলকাঠির জঙ্গলের কাছে বাঘেরচরে উল্টে থাকা অবস্থায় উদ্ধার করা হয় ‘মা কালী’ নামের ট্রলারটি। ট্রলারের ভেতর থেকে একে একে ৯ জন জেলের পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও ৬ জন মৎস্যজীবী।
প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে উদ্ধার হওয়া মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি নিখোঁজ বাকি ছয়জন মৎস্যজীবীর সন্ধানে সমুদ্র ও উপকূল এলাকাতেও তল্লাশি অব্যাহত রয়েছে।
স্থানীয় মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গেছে, গত ২ জুলাই দিঘার শংকরপুর বন্দর থেকে ১৫ জন জেলে নিয়ে রওনা দিয়েছিল ট্রলারটি। ৫ জুলাইয়ের পর থেকে সেটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী ও বনদপ্তরের যৌথ তল্লাশি অভিযান শুরু হয়। গত রবিবার ড্রোনের সাহায্যে ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়।
বনদপ্তর, গোবর্ধনপুর কোস্টাল থানা, সুন্দরবন পুলিশ, উপকূল রক্ষী বাহিনী এবং স্থানীয় মৎস্যজীবী সংগঠনের যৌথ প্রচেষ্টায় উল্টে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়। রবিবার সন্ধ্যায় এটি পাথরপ্রতিমার গোবর্ধনপুরের সীতারামপুর ঘাটে নিয়ে আসা হয়। এরপর রাতভর অভিযান চালিয়ে ট্রলারের ভেতরে জমে থাকা পানি পাম্পের সাহায্যে বের করা হয়। পানি বের করার পর ভেতরে তল্লাশি চালাতে একে একে ৯ জেলের পচাগলা দেহ উদ্ধার হয়।
এখনও ছয়জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ অন্য জেলেদের দেহাংশ ট্রলারে এখনও আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই কারণে সোমবার (১৩ জুলাই) সকালেও পানি পাম্প করে ট্রলারের ভেতরে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।