মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে অর্থ লোপাটে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। ইসলামের নামে, মসজিদের নামে তারা যা করেছে, সেটি গর্হিত কাজ। মডেল মসজিদের প্রকল্প ব্যয় ১৩ কোটি থেকে ২১ কোটিতে কীভাবে গেল সে বিষয়ে মসজিদওয়ারি তদন্ত পরিচালনার জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে।
গতকাল সোমবার জাতীয় সংসদে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসাইনের (কায়কোবাদ) পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে প্রশ্নের জবাব দেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। জয়নুল আবদীন ফারুক সম্পূরক প্রশ্নে বলেন, ‘বিগত ১৬ বছরে মডেল মসজিদের নামে ১৩ কোটি থেকে ২১ কোটি টাকা পর্যন্ত বাজেট হয়েছে। বিষয়গুলো তদন্ত করা দরকার।’
জবাবে ধর্মমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে অর্থ লোপাটের বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। আমি বলছি না পদ্মা সেতুর মতো দুর্নীতি এখানে হয়েছে। তবে ইসলামের নামে, মসজিদের নামে তারা যা করেছে, সেটি গর্হিত কাজ। মডেল মসজিদ অত্যন্ত ভালো উদ্যোগ। কিন্তু মডেল মসজিদের জন্য প্রকল্প ব্যয়ের প্রাক্কলন যথাযথ হয়েছে কি না সেটি যুক্তিসম্মত প্রশ্ন।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেবপ্রিয় ভট্টাচার্যের যে শ্বেতপত্র প্রকাশিত হয়েছে, তাতে বলা হয়েছেÑ মেগা দুর্নীতির জন্য মেগা প্রকল্পের জন্য মেগা বাজেট নেওয়া হয়েছে। এখন ১৩ কোটি থেকে ২১ কোটিতে কীভাবে গেল, মডেল মসজিদের প্রকল্প ব্যয়, কতটি মডেল মসজিদ ছিল, সে বিষয়ে মসজিদওয়ারি তদন্ত পরিচালনার জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেব।
চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফজ্জল হোসাইনের (কায়কোবাদ) পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘দেশে নিবন্ধিত ওয়াক্ফ সম্পত্তির পরিমাণ ৫ লাখ ৩৭ হাজার ৫৫০ দশমিক ৯৮ একর। এর মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে এ পর্যন্ত ২৭ দশমিক ৫৩ একর ওয়াক্ফ সম্পত্তি উদ্ধার করা হয়েছে।’
ভেজাল-নকল ওষুধ বন্ধে সাঁড়াশি অভিযানে কঠোর সরকার: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, নকল ও ভেজাল ওষুধের বাজারজাতকরণ ঠেকাতে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। অধিদপ্তরটির পক্ষ থেকে নিয়মিতভাবে দেশব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা, ফার্মেসি ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে নিবিড় পরিদর্শন এবং বাজার থেকে ওষুধের নমুনা সংগ্রহের কাজ করা হচ্ছে।
ডেনমার্কের সঙ্গে লালদিয়াচর চুক্তি বহাল থাকছে : চট্টগ্রাম বন্দরের লালদিয়াচর কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালসের সঙ্গে করা কনসেশন চুক্তি বাতিল বা পুনঃচুক্তির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) আইন ও সংশ্লিষ্ট নীতিমালা নিখুঁতভাবে অনুসরণ করে বাংলাদেশ ও ডেনমার্ক সরকারের সরকার-টু-সরকার (জিটুজি) কাঠামোর আওতায় সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় চুক্তিটি সম্পাদন করা হয়েছে।
মানসিক রোগীর ৯২ শতাংশই চিকিৎসার বাইরে : কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের প্রাপ্তবয়স্ক ও শিশু-কিশোরদের বড় একটি অংশ মানসিক রোগে ভুগলেও তাদের ৯২ শতাংশের বেশি কোনো চিকিৎসাসেবা পান না। বিশ্বজুড়ে হৃদরোগ ও ক্যানসার মৃত্যুর প্রধান কারণ হলেও মানুষের দীর্ঘমেয়াদি অক্ষমতা ও কর্মক্ষমতা হ্রাসের ক্ষেত্রে মানসিক ব্যাধিই এখন প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।