টানা বৃষ্টি আর তীব্র জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা। এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়ে বর্তমান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল সোমবার (১৩ জুলাই) ও আজ মঙ্গলবার (১৪ জুলাই) টানা দুই দিন ধরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন ঢাকার বেশ কয়েকটি নামী কলেজের শিক্ষার্থীরা। আজ বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা মিরপুর সড়ক অবরোধ করলে পুরো এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ রাখার পর শিক্ষার্থীরা ঢাকা কলেজ ও টিএসসির দিকে অগ্রসর হলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
শিক্ষার্থীরা এ সময় ‘দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে আমি কে, ফার্মের মুরগি’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’– এরকম নানা স্লোগান দেন।
এর আগে, সকালে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে নীলক্ষেত থেকে টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের সরিয়ে দেয়। বর্তমানে আন্দোলনরত শিক্ষার্থীরা নীলক্ষেত ও টিএসসি এলাকায় অবস্থান করছেন এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
এই আন্দোলনে ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাঙলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ এবং বিএফ শাহীন কলেজসহ প্রায় ১২ থেকে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভের সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে বিভিন্ন অধিকার আদায়ের স্লোগান দেন।
রাজধানীর পাশাপাশি ঢাকার বাইরেও এই আন্দোলনের হাওয়া লেগেছে। একই দাবিতে বগুড়াতেও সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছেন। বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা দেওয়ায় শিক্ষার্থীদের যে চরম ভোগান্তি পোহাতে হয়েছে, তারই বহিঃপ্রকাশ ঘটছে এই ধারাবাহিক আন্দোলনে।