জঙ্গী সম্পৃক্ততার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০২:১০ পিএম

আইএস (ইসলামিক স্টেট) জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা এবং রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের অভিযোগে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের নাম মোহিউদ্দিন আবদুল্লাহি ও হোসেইন পালানি। তারা আইএসের একটি সেলের সদস্য ছিলেন, যা ইরাক ও সিরিয়ায় সংগঠনটির আঞ্চলিক পরাজয়ের পর গঠিত হয়েছিল। ওই সেলটি ইরানের ভেতরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

ইরানি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, পরিকল্পনা বাস্তবায়নের আগেই ইরাক সীমান্তসংলগ্ন বামো পাহাড়ি এলাকায় জঙ্গিদের আস্তানার সন্ধান পায় নিরাপত্তা বাহিনী। পরে সেখানে অভিযান চালানো হলে কয়েকজন জঙ্গি নিহত এবং অন্যদের গ্রেপ্তার করা হয়।

অভিযান চলাকালে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) তিন সদস্যও নিহত হন। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ইরানের সুপ্রিম কোর্ট তাদের মৃত্যুদণ্ড বহাল রাখে। পরে ফাঁসির মাধ্যমে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে মৃত্যুদণ্ড কোথায় কার্যকর করা হয়েছে, সে বিষয়ে ইরানের বিচার বিভাগ কোনো তথ্য প্রকাশ করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত