অব্যবস্থাপনায় চট্টগ্রামে ডেঙ্গু মহামারির রূপ নিয়েছে: নজরুল ইসলাম

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০১:২৪ পিএম

অব্যবস্থাপনায় চট্টগ্রামে ডেঙ্গু মহামারির রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

শুক্রবার (৯ অক্টোবর) দলের ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর কাট্টলী ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফইল্যাতলী বাজার ও আশপাশের এলাকায় জনসংযোগ ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সিটি করপোরেশনসহ সরকারি সেবামূলক প্রতিষ্ঠানগুলোর অব্যবস্থাপনার কারণে জনগণ প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। নির্বাচিত কাউন্সিলর না থাকায় জনগণের এসব ভোগান্তি দেখারও কেউ নেই।

এসময় তিনি ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের উদ্বোধন শেষে ফইল্যাতলী বাজার ও হালিশহর এ ব্লকের বিভিন্ন গলিতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মশার ওষুধ ছিটানো হয়।

দক্ষিণ কাট্টলী ওয়ার্ড জামায়াতের আমির এবিএম সুলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সহকারি সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও পাহাড়তলী থানা জামায়াতের আমির মো. নুরুল আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কাট্টলী ওয়ার্ড জামায়াতের সহকারী সেক্রেটারি এটিএম শফিকুল মাওলা শোভন, অফিস সম্পাদক আবু রায়হান, শূরা ও কর্মপরিষদ সদস্য নাজমুল হক ও আবুল হাশেম চৌধুরী, এ ব্লক সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আবু সাঈদসহ বিভিন্ন সাংগঠনিক ওয়ার্ডের দায়িত্বশীল নেতারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত