গোপালগঞ্জে নিজ পিতাকে হত্যার দায়ে ছেলে আলীম কাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৩ মে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ কাজীর বাজার এলাকায় নিজ বাড়িতে মাদকাসক্ত আলীম কাজী বটি হাতে নিয়ে তার বাবা ইসমাইল কাজীকে গালিগালাজ করতে থাকেন। এ সময় ইসমাইল কাজী তাকে গালিগালাজ করতে নিষেধ করলে আলীম ক্ষিপ্ত হয়ে হাতে থাকা বটি দিয়ে তার পিতার গলায় কোপ দেন।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা ইসমাইল কাজীকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের অপর ছেলে সেলিম কাজী বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা ও উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামি আলীম কাজীকে দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করেন।
উল্লেখযোগ্যভাবে, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এম. এম. জুলকদর এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবু তালেব শেখ।
দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে কিয়ারা