গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে আমির হামজা নামে চার বছর বয়সী এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
আমির হামজা কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের লাখির পাড় গ্রামের শুকুর আলীর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আমির হামজাকে তার মা সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি মৎস্য ঘেরে ছাগল আনতে যান। পরে হঠাৎ করে এক দল ভিমরুল হামজা ও তার মায়ের উপর আক্রমণ করে। এসময় ভিমরুলের আক্রমণের শিকার হয়ে চিৎকারে স্বজন এবং স্থানীয় বাসিন্দারা এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে।
পরে তাদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ মনে হওয়ায় দুপুরের দিকে স্বজনরা আমির হামজাকে বাড়িতে নিয়ে গেলেও বিকালে আবার অসুস্থ হয়ে পরে। পরে আবারো কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।