রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ক্ষতিপূরণ আদায়ের নামে প্রতারণা থেকে দূরে থাকতে সতর্কতা

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৬:৩০ পিএম

 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত, আহত বা নিখোঁজ ব্যক্তিদের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার নাম করে এক শ্রেণীর প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। প্রবাসীদের নিঃস্ব করতে মাঠে নামা এই চক্র থেকে রক্ষা পেতে জরুরি সতর্কীকরণ বার্তা জারি করেছে রাশিয়ার মস্কোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

আজ মঙ্গলবার (১৪ জুলাই ) মস্কোর বাংলাদেশ দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এই জরুরি সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি, বাংলাদেশে অবস্থানরত তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট সকল নাগরিকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কেউ যেন দূতাবাসকে না জানিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে ক্ষতিপূরণ আদায়ের বিষয়ে কোনো চুক্তিতে না জড়ান।

দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে, দূতাবাসের সরাসরি সম্পৃক্ততা ও অনুমতি ছাড়া এই ধরণের যেকোনো চুক্তি সম্পূর্ণ অবৈধ এবং এতে বড় ধরণের আর্থিক প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে একটি সুসংগঠিত প্রতারক চক্র রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারের অসহায়ত্বের সুযোগ নিয়ে মোটা অঙ্কের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিচ্ছে। এই ফাঁদে পা দিয়ে ইতিমধ্যে অনেক পরিবার নিঃস্ব ও সর্বস্বান্ত হয়েছে।

এই ধরণের প্রতারণা এড়াতে এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে এমন কোনো প্রস্তাব পেলে অবিলম্বে তা বাংলাদেশ দূতাবাসকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

জরুরি তথ্যের জন্য প্রবাসীদের সরাসরি যোগাযোগের জন্য [email protected] ও +79162323015 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে এই বিষয়ে সকলকে সর্বোচ্চ সতর্ক থাকার এবং যেকোনো সন্দেহজনক প্রস্তাবের ক্ষেত্রে দ্রুত আইনি সহযোগিতা বা দূতাবাসের সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত