কর্মসংস্থানের লক্ষ্যে

প্যারিসের সলিদারিতে আসি ফ্রঁস (সাফ)-এর বিনামূল্যে সুশি প্রশিক্ষণ কার্যক্রম শুরু

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৯:৪৫ পিএম

ফ্রান্সে বসবাসরত অভিবাসী ও নতুন কর্মপ্রত্যাশীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিনামূল্যে সুশি প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে সলিদারিতে আসি ফ্রঁস (সাফ)। শনিবার (১১ জুলাই) প্যারিসে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জাপানি রেস্তোরাঁ খাতে ক্রমবর্ধমান দক্ষ জনবলের চাহিদা পূরণ এবং নতুনদের কর্মক্ষেত্রে প্রবেশ সহজ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রতিষ্ঠার পর থেকেই সাফ ফরাসি ভাষা শিক্ষা, প্রশাসনিক সহায়তা, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম এবং বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হলো সুশি প্রস্তুত বিষয়ক এই প্রশিক্ষণ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি, শীতল সংরক্ষণ ব্যবস্থা, পেশাদার রান্নাঘরের সরঞ্জাম ও ছুরির নিরাপদ ব্যবহার, সুশির জন্য উপযোগী ভাত প্রস্তুত, বিভিন্ন উপকরণ সঠিকভাবে কাটা, বিভিন্ন ধরনের সুশি তৈরি, আকর্ষণীয়ভাবে খাবার পরিবেশন এবং পেশাদার কর্মপরিবেশে কাজের সংগঠন সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি সময়ানুবর্তিতা, পরিচ্ছন্নতা, দলগত কাজ এবং পেশাগত আচরণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ পরিচালনা করছেন রুমন আহমেদ ও আবদুর রহমান। তারা নিজেদের বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা অংশগ্রহণকারীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন।

অনুষ্ঠানে সলিদারিতে আসি ফ্রঁস (সাফ)-এর সভাপতি নয়ন এনকে বলেন, প্রয়োজনীয় দক্ষতার অভাবে অনেক মানুষ চাকরির সুযোগ থেকে বঞ্চিত হন। তাই বিনামূল্যে পেশাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মপ্রত্যাশীদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলাই সংগঠনের মূল উদ্দেশ্য। তিনি বলেন, আমাদের লক্ষ্য শুধু প্রশিক্ষণ দেওয়া নয়, অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নতুন দক্ষতা অর্জনে সহায়তা এবং একটি স্থায়ী কর্মজীবন গড়ে তুলতে তাদের পাশে থাকা।

তিনি আরও জানান, ভবিষ্যতেও শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন পেশাভিত্তিক বিনামূল্যের প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে সাফ, যাতে আরও বেশি মানুষ নতুন দক্ষতা অর্জন করে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ পান। সংগঠনটির মতে, একটি দক্ষতা একজন মানুষের জীবন বদলে দিতে পারে। তাই দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, বেকারত্ব হ্রাস এবং আত্মনির্ভরশীল সমাজ বিনির্মাণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত