ইরাক থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৫ এএম

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ এই প্রক্রিয়া সম্পন্ন হবে। ওয়াশিংটন সফররত ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি এই তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে ইরাকে দীর্ঘ ২৩ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটতে যাচ্ছে বলে ধারণা করছেন দুই দেশের কর্মকর্তারা।

সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে মিলিত হন ইরাকের প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরাকে আর মার্কিন সামরিক বাহিনী রাখার প্রয়োজন আছে বলে তারা মনে করছেন না। তবে সেনা সরিয়ে নিলেও ইরাকের সঙ্গে মার্কিন তেল কোম্পানিগুলোর ক্রমবর্ধমান ব্যবসায়িক সম্পর্ক বজায় থাকবে বলে তিনি উল্লেখ করেন।

ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি সাংবাদিকদের জানান, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরাক ত্যাগ করবে। তবে সেনা চলে গেলেও মার্কিন কোম্পানিগুলো ইরাকে তাদের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবেই চালিয়ে যাবে। পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, আইএসবিরোধী অভিযান শেষ করতে ২০২৪ সালে ইরাকের সঙ্গে হওয়া চুক্তির প্রতি তারা পুরোপুরি অঙ্গীকারবদ্ধ।

২০০৩ সালে সাদ্দাম হোসেন সরকারের পতনের লক্ষ্যে ইরাকে সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র। সাদ্দাম সরকারের পতন হলেও পরবর্তী সময়ে দেশটিতে আড়াই হাজারের মতো মার্কিন সেনা মোতায়েন ছিল। তবে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং বাগদাদের মার্কিন দূতাবাসে একাধিক ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটে, যার দায় স্বীকার করেছিল ইরান-সমর্থিত বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত