নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ের পরেও চাপে বাংলাদেশ

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৬:২৫ পিএম

একমাত্র টেস্ট হারের পর ওয়ানডে সিরিজও হাতছাড়া করেছে বাংলাদেশ দল। এবার টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে সফরকারী দলটি। বুলাওয়েতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বল হাতে তাণ্ডব চালান নাহিদ রানা। শেষ ওভারে ১৮ রান খরচ করলেও মাত্র ২৬ রানে ৪ উইকেট নেন এই ডানহাতি গতি তারকা। তার এই ক্যারিয়ারসেরা বোলিংয়ের পরেও আগে ব্যাট করে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা। ৬ উইকেট হারিয়ে ১৭০ রানে ইনিংস শেষ করে জিম্বাবুয়ে।

এই ম্যাচে টস করতে নেমে রেকর্ড গড়েন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে বয়স্ক অধিনায়ক এখন তিনি। এমনকি ৪০ বছর ৮২ দিন বয়সী এই অলরাউন্ডার জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটারের রেকর্ড গড়েন। যদিও টস ভাগ্য তার পক্ষে যায়নি।

তবে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় তার দল। মাত্র ৩ ওভার ৩ বলে উদ্বোধনী জুটিতে ৩৭ রান তোলেন ব্রায়ান বেনেট ও টাডিওয়ানাশে মারুমানি। চতুর্থ ওভারে প্রথমবার বল হাতে নিয়ে এই জুটি ভাঙেন নাহিদ রানা। ১৪ রান করা মারুমানিকে ফেরান এই গতি তারকা। ওই ১ উইকেট হারিয়ে পাওয়ার প্লের ৬ ওভারে ৫৪ রান করে জিম্বাবুয়ে।

দ্বিতীয় উইকেট জুটিতে ডিওন মেয়ার্সকে (২০) সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন বেনেট। তবে মোহাম্মদ সাইফউদ্দিন ৩৮ রানের এই পার্টনারশিপকে বড় হতে দেননি। অন্য প্রান্তে ঝোড়ো ব্যাটিংয়ে অর্ধশতকের দিকে ছোটেন বেনেট। আবার বল হাতে নিয়ে তাকে থামান নাহিদ। ইনিংস সর্বোচ্চ ৩০ বলে ৪৪ রানে আউট হন বেনেট। এরপর রায়ান বার্ল ছাড়া জিম্বাবুয়ের আর কোনো ব্যাটার থিতু হতে পারেননি। রানা ২০ রান করে ফিরলে নিজের তৃতীয় ওভারে জোড়া আঘাত হানেন নাহিদ। মিল্টন শুম্বা ও তাশিঙ্গা মুসেকিয়াকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি করেন।

হ্যাটট্রিক করতে না পারলেও টি-টোয়েন্টিতে নিজের ক্যারিয়ারসেরা বোলিং করেন নাহিদ। তবে শেষ দিকে বার্লের ২৫ বলে ৩০ রানের সঙ্গে  ব্র্যাড ইমান্সের ১০ বলে ১৯ রানের ইনিংসের সৌজন্যে চ্যালেঞ্জিং পুঁজি পায় জিম্বাবুয়ে। টসের আগে ধারাভাষ্যকাররা জানান, উইকেট বিবেচনায় ১৮০ রানের আশপাশে লক্ষ্য দিতে পারলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলের কাজ বেশ কঠিন হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত