শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নারায়ণগঞ্জের এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুর শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করা হয়। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
দুপুরে পরীক্ষা শেষে চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা। তারা ইউনিফর্ম পরা অবস্থাতে হাতে পরীক্ষা সরঞ্জাম নিয়েই মিছিলে অংশ নেন। সেই সাথে পরীক্ষার্থীদের মিছিলটি শহরের চাষাঢ়া থেকে শুরু হয়ে দুই নম্বর রেলগেট পর্যন্ত গিয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে আবার চাষাঢ়ায় এসে শেষ হয়।
আন্দোলনে থাকা পরীক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তাদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করে ‘গর্হিত’ কাজ করেছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্বে তাকে আর দেখতে চান না বলেও জানান পরীক্ষার্থীরা।
সরকারি তোলারাম কলেজের পরীক্ষার্থী সাব্বির আলম বলেন, “আমাদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবেন না। আমরা চাই শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। আপনি আমাদের ফার্মের মুরগি বলেছেন। এই ফার্মের মুরগিরা ওসমানদের বিরুদ্ধে লড়াই জারি না রাখলে আপনারা শিক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রী হতে পারতেন না। শিক্ষার্থীদের তাচ্ছিল্য করেছেন শিক্ষামন্ত্রী। এই ধরনের শিক্ষামন্ত্রী আমরা চাই না।”
অন্যদিকে সকাল থেকেই শহরে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. শামীম হোসাইন বলেন, কিছু ছাত্র চাষাঢ়ায় জড়ো হয়ে মিছিল করে দুই নং রেলগেইট এলাকায় যায়। এরপর তারা সেখান থেকে চলে যায়। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।