সৌদি আরবে বাংলাদেশি যুবকের মৃত্যু, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৮:৩১ পিএম

সৌদি আরবের একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজ করার সময় মেশিনের ভেতরে কাটা পড়ে মো. নাদিম হোসেন (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বাংলাদেশ সময় বুধবার (১৫ জুলাই) রাত পৌনে আটটার দিকে দেশটির আল-কাসিম অঞ্চলের বুকারিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাদিম হোসেন কুমিল্লার বুড়িচং পৌরসভার যদুপুর গ্রামের সামাদ মিয়ার ছেলে। পরিবারের অভিযোগ, এটি সাধারণ দুর্ঘটনা নয়, নাদিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় ১০ মাস আগে সৌদি আরবে পাড়ি জমান নাদিম। সেখানে আল-কাসিমের বুকারিয়া এলাকার একটি খেজুর প্যাকেজিং ও প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজ করতেন তিনি। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য।

স্বজনদের বরাতে জানা যায়, বুধবার রাতে কর্মস্থলে একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ মেশিন পরিষ্কার করার জন্য সেটির ভেতরে প্রবেশ করেছিলেন নাদিম। এ সময় মেশিনের বাইরে থাকা কয়েকজন সহকর্মী হঠাৎ করে সেটি চালু করে দিলে ভেতরে থাকা নাদিম কাটা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর সৌদি আরবের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। নিহতের পরিবার জানতে পেরেছে, জিজ্ঞাসাবাদের জন্য ওই কারখানার তিন কর্মীকে আটক করেছে স্থানীয় পুলিশ।

নাদিমের বাবা সামাদ মিয়া বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আমার সন্দেহ হচ্ছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চাই। সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, দ্রুত আমার ছেলের মরদেহ যেন দেশে আমাদের কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা খোঁজখবর নিচ্ছি। প্রবাসে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ সরকারি খরচে দেশে আনার সুযোগ রয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত