জয়পুরহাটে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৪ এএম

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যার আগে সদর উপজেলার পারুলিয়া জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে রথ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের কেন্দ্রীয় বারোয়ারি মন্দিরে এসে শেষ হয়।

ঢাক-ঢোল, বাদ্যযন্ত্র, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে চড়িয়ে ভ্রমণ করানো হয়। বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হওয়া এই রথযাত্রায় হাজার হাজার নারী-পুরুষ ভক্তের সমাগম ঘটে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, রথে চড়ে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নিজ মন্দির থেকে এক সপ্তাহের জন্য মাসির বাড়ি গমন করেন। এই বেড়াতে যাওয়ার উৎসবই মূলত রথযাত্রা। শাস্ত্র মতে, রথের দড়ি টানলে পুণ্য লাভ হয়। রথ টানার সময় বাঁ পাশে একদল, ডান পাশে একদল, সামনে একদল ও পেছনের দিকে একদল ভক্ত থাকেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু থাকেন মাঝখানে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর; অর্থাৎ জগন্নাথ হলেন জগতের ঈশ্বর। তাঁর অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয় এবং জীব রূপে তাকে আর পুনরায় জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই প্রতি বছর রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা উৎসব পালন করেন ভক্তরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত