প্রিন্স মাহমুদ

জন্মদিনে শিক্ষার্থীদের সুশৃঙ্খল বার্তা দিলেন সুরের জাদুকর

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৬ এএম

‘তুমি এই দিনে পৃথিবীতে এসেছ, শুভেচ্ছা তোমায়’ কালজয়ী এই গানের স্রষ্টা, নন্দিত সুরকার ও গীতিকার প্রিন্স মাহমুদের জন্মদিন আজ ১৭ জুলাই। বিশেষ এই দিনে ‘দেশ রূপান্তর’-এর পক্ষ থেকে সুরের জাদুকরকে আন্তরিক শুভেচ্ছা।

সংগীতে তার আনুষ্ঠানিক পথচলা আশির দশকের শেষে ‘দ্য ব্লুজ’ ব্যান্ডের মাধ্যমে হলেও এর বীজ রোপিত হয়েছিল শৈশবেই। মাত্র আট বছর বয়সে খুলনা নজরুল একাডেমিতে ভর্তি হয়ে ওস্তাদ রাশেদ উদ্দিন তালুকদারের কাছে গান শেখা শুরু করেন তিনি। এরপর প-িত অশোক চক্রবর্তীর কাছেও তালিম নেন। ‘দ্য ব্লুজ’ ব্যান্ডের এক দশক আগে, ১৯৭৮ সালে ‘নতুন কুঁড়ি’র ‘ক’ শাখায় দেশের গান, ছড়া গান, পল্লীগীতি ও নজরুলগীতিতে খুলনা থেকে ৪টি বিষয়ে নির্বাচিত হয়েছিলেন প্রতিভাবান এই শিল্পী। পরবর্তী সময়ে ১৯৯৫ সালে ‘শক্তি’ অ্যালবামের মাধ্যমে মিক্সড অ্যালবামের জোয়ার এনে সংগীতে নতুন দিগন্ত উন্মোচন করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে একক ও যৌথ মিলিয়ে ৫০টি অ্যালবাম প্রকাশ করেছেন প্রিন্স মাহমুদ। জেমসের কণ্ঠে ‘মা’, ‘বাবা’, আইয়ুব বাচ্চুর ‘বেলাশেষে’ কিংবা সাম্প্রতিক শাকিব খানের ‘প্রিয়তমা’র ‘ঈশ্বর’ ও সিয়াম আহমেদের ‘জংলি’ সিনেমার গানগুলো তারই কালজয়ী সৃষ্টি।

জন্মদিনের এই বিশেষ ক্ষণে শিক্ষার্থীদের উদ্দেশে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন এই সুরের জাদুকর। তিনি মনে করেন, শিক্ষার্থীদের জীবনে সফলতা ও পরিপক্বতার মূল চাবিকাঠি হলো শৃঙ্খলা। প্রিন্স মাহমুদ বলেন, ‘নিয়মিত পড়াশোনা এবং শৃঙ্খলার মধ্য দিয়ে বেড়ে ওঠা ছেলেমেয়েদের মধ্যে একটা সুন্দর দৈনন্দিন রুটিন গড়ে ওঠে, যা তাদের মানসিক গঠনকে পরিপক্ব করে তোলে। এই অভ্যাসের কারণে পরীক্ষার মতো একটা মানসিক চাপের সময় পার করার পরও তারা হুট করে উচ্ছৃঙ্খল বা দায়িত্বহীন হয়ে পড়ে না।’

পরীক্ষা-পরবর্তী আচরণ প্রসঙ্গে তিনি যোগ করেন, ‘পরীক্ষা শেষে ছেলেমেয়েদের কথা বলার ধরন সম্পূর্ণ নির্ভর করে তাদের ব্যক্তিগত স্বভাব, পরীক্ষার প্রস্তুতি আর প্রশ্ন কেমন হয়েছে তার ওপর। খেয়াল করলে দেখবেন, লেখাপড়া করা সুশৃঙ্খল ছেলেমেয়েরা পরীক্ষা শেষে সাধারণত পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে তা নিয়েই আলোচনা করে। তারা হলে কেমন লিখেছে তা একে অপরের সঙ্গে মিলিয়ে দেখে এবং পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নিয়ে কথা বলে।’ ভক্তদের ভালোবাসাকে পথচলার শক্তিমানা এই গুণী শিল্পী চান, নতুন প্রজন্ম যেন এই শৃঙ্খলাকে সঙ্গী করে জীবনের প্রতিটি পরীক্ষায় সফল হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত