চট্টগ্রামে নেতাকর্মীদের ভারে ভেঙে পড়ল মঞ্চ, রক্ষা পেলেন অর্থমন্ত্রী

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৪:২৪ পিএম

চট্টগ্রামের চন্দনাইশে বন্যার্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত ভিড়ের চাপে মঞ্চ ভেঙে পড়েছে। এ সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মঞ্চে থাকা নেতাকর্মীরা নিচে পড়ে যান। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

আজ শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, প্রধান অতিথি অনুষ্ঠানে পৌঁছানোর আগেই স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী মঞ্চে উঠে পড়ে। অতিরিক্ত ভিড় এড়াতে মাইকে বারবার মঞ্চ থেকে নেমে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছিল। কিন্তু পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি।

একপর্যায়ে অর্থমন্ত্রী মঞ্চে ওঠার পর তাঁর সঙ্গে আরও কয়েকজন নেতাকর্মী সেখানে ওঠে। এতে মঞ্চে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। কয়েক মিনিটের মধ্যেই মঞ্চটি হুড়মুড় করে ভেঙে পড়ে। এ সময় মন্ত্রীসহ মঞ্চে থাকা সবাই নিচে পড়ে গেলেও কেউ গুরুতর আহত হননি।

দুর্ঘটনার পর উপস্থিত নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়। পরে ভেঙে পড়া মঞ্চেই দাঁড়িয়ে কয়েকজন বন্যার্ত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন অর্থমন্ত্রী। এরপর তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, মঞ্চে যেন অতিরিক্ত মানুষ না ওঠেন, সে জন্য আমি নিজেও মাইকে বারবার ঘোষণা দিয়েছিলাম। মূলত অতিরিক্ত মানুষের ভারেই মঞ্চটি ভেঙে পড়েছে। তবে আল্লাহর অশেষ রহমতে কেউ হতাহত হননি। দুর্ঘটনার পরও মন্ত্রী ভাঙা মঞ্চেই দাঁড়িয়ে ত্রাণ বিতরণ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত