শুধু মার্কেটিংয়ের জন্য আমাকে দলে নেবেন না: ভোজিনহা

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৯:৩৭ পিএম

ফিফা বিশ্বকাপে রূপকথার মতো এক যাত্রা উপহার দিয়েছে আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। দলটিকে নকআউট পর্বে তুলতে সবচেয়ে বড় অবদান রেখেছেন তাদের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর তাকে নিয়ে দলবদলের বাজারে জোর গুঞ্জন শুরু হয়েছে। এমনকি ডেভিড বেকহামের ইন্টার মায়ামির মতো বড় ক্লাবও তাকে দলে ভেড়াতে আগ্রহী বলে গুঞ্জন রয়েছে। তবে ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষক সাফ জানিয়ে দিয়েছেন, সস্তা জনপ্রিয়তার জন্য নয়, মাঠের পারফরম্যান্সের মূল্যায়নেই কেবল নতুন ক্লাবে যোগ দেবেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ খোলেন ভোজিনহা। নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন,

"আমি এমন একটি ক্লাব পেতে চাই যারা একজন ফুটবলার হিসেবে আমার মাঠের অবদানকে মূল্যায়ন করবে, কোনো বিজ্ঞাপনী বা মার্কেটিং ফিগার হিসেবে নয়।"

এখনো ফুরিয়ে যাননি ভোজিনহা

বয়স ৪০ হলেও এখনই বুটজোড়া তুলে রাখার কোনো পরিকল্পনা নেই এই গোলরক্ষকের। আরও অন্তত এক বা দুই মৌসুম সর্বোচ্চ স্তরে খেলতে চান তিনি। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভোজিনহা বলেন,

"আমি ফুটবলকে ভালোবাসার কারণেই খেলা চালিয়ে যেতে চাই। ৪০ বছর বয়সে এসেও আমি মাঠে নামার সেই একই আবেগ আর তাড়না অনুভব করি।"

"আমি আরও অন্তত এক বা দুই বছর খেলতে চাই। তবে সবকিছু নির্ভর করবে আমার শরীর কীভাবে সাড়া দিচ্ছে তার ওপর। কারণ আগামীকাল কী ঘটবে তা কেউ নিশ্চিত করে বলতে পারে না", বলেন তিনি।

শূন্য থেকে বিশ্বকাপের মঞ্চে আসার লড়াই

বিশ্বকাপের মঞ্চে আজ যিনি এত বড় তারকা, তার শৈশবের পথচলাটা একেবারেই মসৃণ ছিল না। কেপ ভার্দের মতো ছোট দেশ থেকে উঠে আসার প্রতিকূলতা নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, "ছোটবেলা থেকেই পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতাম। কিন্তু আমাদের দেশে পেশাদার ফুটবল খেলার সুযোগ খুবই সীমিত। এমনকি ক্যারিয়ারের শুরুতে প্রথম পেশাদার চুক্তি করতে যাওয়ার আগে শুধু ভিসা পাওয়ার জন্যই অনেক লড়াই করতে হয়েছিল।"

বিশ্বকাপের অন্যতম সেরা গল্প হয়ে ওঠা ভোজিনহা মাঠের লড়াইয়ে নিজের সেরাটা দিতে প্রস্তুত। এখন দেখার বিষয়, বিজ্ঞাপনী চমকের ঊর্ধ্বে উঠে মাঠের ফুটবলকে প্রাধান্য দিয়ে এই অভিজ্ঞ গোলরক্ষককে কোন ক্লাব দলে ভেড়ায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত