এবার ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল তুরস্ক

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০২:৩১ পিএম

তুরস্কের পূর্বাঞ্চলীয় মালটিয়া প্রদেশে শনিবার (১৮ জুলাই) ভোরে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) এ তথ্য জানিয়েছে। 

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আফাদের তথ্যমতে, স্থানীয় সময় ভোর ৬টা ২০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মালটিয়া প্রদেশের বাত্তালগাজি জেলায় এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৫.৫৯ কিলোমিটার (৯.৬৯ মাইল)।

ভূমিকম্পের তীব্র কাঁপুনি এলাজিগ, আদিয়ামান, তুনজেলি এবং সানলিউরফাসহ আশপাশের বেশ কয়েকটি প্রদেশেও অনুভূত হয়।

আফাদ আরও জানিয়েছে, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম দেশটির সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, বাত্তালগাজিতে ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আমরা আসা সবগুলো প্রতিবেদন গভীরভাবে খতিয়ে দেখছি। সূত্র: আনাদোলু এজেন্সি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত