সিদ্ধান্ত পাল্টালেন অরিজিৎ, ভক্তদের উচ্ছ্বাস

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০২:১৬ পিএম

চলতি বছরের ২৭ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং জানিয়েছিলেন, তিনি আর নতুন কোনো প্লে-ব্যাকে কাজ করবেন না। এই তারকা লিখেছিলেন, ‘আপনারা এত বছর ধরে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। প্লেব্যাক গায়ক হিসেবে আর কোনো নতুন কাজ নিচ্ছি না। এখানেই আমার এই যাত্রার ইতি।’ 

কিন্ত কয়েক মাসের ব্যবধানেই সিদ্ধান্তে বদল। আবারও প্লে-ব্যাকে ফিরছেন এই জনপ্রিয় গায়ক। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইমরান হাশমি অভিনীত আসন্ন সিনেমা ‘আওয়ারাপান ২’-এর একটি গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। ছবিটির বহুল প্রতীক্ষিত গান ‘ইয়ে আওয়ারাপান’ আজ ২১ জুলাই প্রকাশ হওয়ার কথা রয়েছে। সেই গানেই শোনা যাবে অরিজিতের কণ্ঠ। 

সিনেমাটির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘আওয়ারাপান’ ফ্র্যাঞ্চাইজির সংগীতের দায়িত্বে রয়েছেন বিশেষ ভাট। তার সুরেই গানটি গেয়েছেন অরিজিৎ। এই খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভক্তরা। 

নতুন সিনেমায় প্রিয় শিল্পীর কণ্ঠ শোনা যাবে-এমন খবর ভক্তদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। যদিও অরিজিৎ সিং এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ফলে বিষয়টি নিয়ে কৌতূহলও কম নয়। আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে ‘আওয়ারাপান ২’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত