কুমিল্লা উত্তর জেলা এনসিপির কমিটি থেকে পদত্যাগের হিড়িক

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৩:১৭ পিএম

দলীয় কর্মকাণ্ডে হতাশা, উপজেলা পর্যায়ে পকেট কমিটির পায়তারা বা সাংগঠনিক কর্মকাণ্ডে দুর্বলতাসহ নানা কারণ দেখিয়ে কুমিল্লা উত্তর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নেতাকর্মী পদত্যাগ করছেন।

দলীয় সূত্রে জানা যায়, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরতি গত ১৮ মে কুমিল্লা উত্তর জেলার ৯৩ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করেন।

কমিটিতে গোলাম কিবরিয়া সরকারকে আহবায়ক এবং রবিউল মনির চৌধুরীকে সদস্য সচিব করা হয়। গত ১০ ই জুলাই ওই কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় একতৃতীয়াংশ সদস্য উপস্থিত করতে ব্যর্থ হয়।

সাংগঠনিক কার্যক্রমে চরম ব্যর্থতার দাবি তুলে কুমিল্লা উত্তর জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মিনহাজুল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব জসিম উদ্দিন মোল্লাসহ ৭/৮ জন নেতা গত ১৭ জুলাই শুক্রবার রাতে তাদের দলীয় হোয়াটস্আপ গ্রুপে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

কমিটির যুগ্ম আহ্বায়ক মিনহাজুল হক গ্রুপে লিখিতভাবে বলেছেন, অদক্ষ-অযোগ্যদের কমিটির নেতৃত্বে আনা হয়েছে, যোগ্যদের মূল্যায়ন করা হয়নি। একজন বিতর্কিত ব্যক্তিকে আহবায়ক করা হয়েছে। এই বিতর্কিত আহবায়ক বাদ দিয়ে কমিটি ভেঙ্গে নতুন করে ঢেলে সাজানোর দাবি করছি। আমার পদত্যাগের মাধ্যমে বিতর্কিতদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।

জেলা কমিটির আরেক নেতা সিনিয়র যুগ্ম সদস্য সচিব জসিম উদ্দিন মোল্লা জানান, ৬ মাস মেয়াদের কুমিল্লা উত্তর জেলা এনসিপি কমিটির দুই মাস অতিবাহিত হয়ে গেছে। অথচ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটি গঠন করতে ও তৃণমূলকে উজ্জীবিত করার জন্য কোন সাংগঠনিক পদক্ষেপ নেয়নি জেলা কমিটি। কমিটির কয়েকজন শীর্ষ নেতা  পকেট কমিটি করার পায়তারা করছে, উপজেলা গুলোতে সাংগঠনিকভাবে সফরের কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই আমি পদত্যাগ করেছি।

এনসিপির কুমিল্লা উত্তর জেলা কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া সরকার বলেন, আমাদের গ্রুপে লিখিতভাবে দুইজন পদত্যাগের কথা বলেছে। কেউ যদি দলের কার্যক্রমে অংশগ্রহণ করতে ব্যর্থ হয়, তারা নিজ ইচ্ছায় পদত্যাগ করতেই পারে, এতে আমাদের সাংগঠনিক কাজে কোন প্রভাব বা বাধাগ্রস্থ হবে না। আর রাজনীতিতে শেষ বলতে কিছু নেই, কেউ যাবে কেউ আসবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত