মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

কাইলির অকাল মৃত্যুতে বিস্মিত হলিউড

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০১:৫৩ পিএম

মাত্র ১৮ বছর বয়সেই প্রাণ হারালেন ‘গডজিলা ভার্সাস কং’ সিনেমার অন্যতম অভিনেত্রী কাইলি হটল। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ঘটে যাওয়া এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া প্রতিভাবান এই শিল্পীর এমন প্রয়াণে হলিউডে নেমে এসেছে শোকের ছায়া। 

কাইলির বাবা জশুয়া হটলে ফেসবুক লাইভে এসে সর্বপ্রথম এই দুঃসংবাদটি জানান। পরে সংবাদমাধ্যম টিএমজেডকে দুর্ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করেন তিনি। জশুয়া জানান, দুর্ঘটনার সময় তিনি টেক্সাসে ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রথম ফোনটি পাওয়ার কিছুক্ষণ পরই তাকে দ্বিতীয়বার ফোন করে জানানো হয় যে, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই কাইলির হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। 

২০০৭ সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় জন্মগ্রহণ করেন কাইলি। তবে তার শৈশব কেটেছে টেক্সাসের অস্টিনে, যেখানে তিনি টেক্সাস স্কুল ফর দ্য ডেফ-এ পড়াশোনা করেন। জন্মগতভাবে বাক-শ্রবণপ্রতিবন্ধী কাইলি মাত্র ৯ বছর বয়স থেকে অভিনয়ের জগতে পা রাখেন। 

বাক-শ্রবণপ্রতিবন্ধীদের জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘গ্লাইড’-এর একটি বিজ্ঞাপনের মাধ্যমে বিজ্ঞাপনচিত্রে তার অভিষেক হয়। তবে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয় ২০২১ সালে গডজিলা ভার্সাস কং সিনেমার মাধ্যমে। ওই সিনেমায় জিয়া নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন কাইলি। 

২০২৪ সালে মুক্তিপাওয়া এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী কিস্তি ‘গডজিলা x কং: দ্য নিউ এম্পায়ার’-এও নিজের আগের জিয়া চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন তিনি। এছাড়া, ২০২১ সালে জনপ্রিয় সিরিজ ‘ম্যাগনাম পি.আই.’-এর চতুর্থ সিজনের একটি পর্বে অভিনয় করেছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত