ইউপি চেয়ারম্যান নির্বাচনে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক কেন নয়: হাইকোর্ট

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০২:০৬ পিএম

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ আইনের ২৬ ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চেয়েছে আদালত।

সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা রিটের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এই রুল দেন। স্থানীয় সরকার সচিব, আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট। 

সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খান গত ১৬ জুলাই এ রিট আবেদনটি করেন। 

আজ বুধবার (২২ জুলাই) এডভোকেট ফেরদাউসুল হাসান সাংবাদিকদের বলেন, ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর ২৬ ধারা অনুসারে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীর কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা নেই। এটি সংবিধানের ৭, ২৭, ২৮, ৫৯, ৬০ অনুচ্ছেদের পরিপন্থী। একই সঙ্গে গ্রাম আদালত আইন, ২০০৬ (সর্বশেষ সংশোধিত ২০২৪) এ একজন চেয়ারম্যানের বিচারিক ক্ষমতার সঙ্গেও এটি সাংঘর্ষিক।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত