১৭ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী; দুশ্চিন্তায় পরিবার

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১২:৫৮ এএম

বগুড়ার শেরপুরে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রী রাফা নিখোঁজ হওয়ার ১৭ দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। গত ১ জুলাই সকালে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মাদরাসা পাড়ার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় স্কুল শিক্ষার্থী। রাফা ওই গ্রামের রিয়াদ খানের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় রাফা। এরপর আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় রাফার মা সারমিনা আক্তার বাদি হয়ে শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

 মেয়ের কোন প্রেমের সম্পর্ক আছে কিনা জানতে চাইলে রাফার মা সারমিনা আক্তার দেশ রূপান্তরকে বলেন, আমার মেয়ের মোবাইল ফোন ছিল না। মাঝেমধ্যে আমার ফোন ব্যবহার করত। প্রেমের সম্পর্ক ছিল বলে মনে হয়নি। তবে, নিখোঁজের পর আমার ফোনে দেখতে পাই একটি ইনস্টাগ্রাম গ্রুপে ইন্ডিয়ান, পাকিস্তানী ও জাপানিজদের সাথে তার চ্যাটিং হয়েছে। আর আমার মেয়ে ইংরেজী এবং হিন্দিতে খুব ভালভাবে কথা বলতে পারে।

এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, জিডি হওয়ার পর থেকেই পুলিশ তাকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে, তবে গতকাল পর্যন্ত তার কোন সন্ধান মিলেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত