কাস্টমস কর্মকর্তার সীল জাল করে ৮০ লাখ টাকার জিরা পাচারের চেষ্টা

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১১:০৩ এএম

কাস্টমস কর্মকর্তার স্বাক্ষর ও অফিসিয়াল সীল জাল করে ভুয়া বিল অব এন্ট্রি তৈরি করে কাভার্ড ভ্যানে ভারতীয় জিরা পরিবহনের সময় প্রায় ৮০ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৩০০ কেজি (২১০ বস্তা) ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় জিরাবাহী একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।

বুধবার (২২ জুলাই) রাত  ১১ টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) সদস্যরা ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলক্রসিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব জব্দ করেন।

বিজিবি জানায়, বিপুল পরিমাণ ভারতীয় জিরা কাভার্ড ভ্যানে করে ঢাকার উদ্দেশ্যে পাচার করা হবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার অভ্যন্তরে একটি তল্লাশি চেকপোস্ট স্থাপন করা হয়। রাত  ১১টার দিকে চেকপোস্ট থেকে প্রায় ২০০ গজ দূরে বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক কাভার্ড ভ্যানটি ফেলে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় গাড়িটি তল্লাশি করে ২১০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এ সময় গাড়ির ড্যাশবোর্ড থেকে বিভিন্ন কাগজপত্র, স্ক্যানকৃত নথি, ভুয়া সীল এবং কাস্টমস কর্মকর্তার অফিসিয়াল সীল জাল করে তৈরি করা বিল অব এন্ট্রির কপি উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, তামাবিল ল্যান্ড কাস্টমস স্টেশন, সিলেটের সহকারী রেভিনিউ কর্মকর্তা সবুজ মল্লিকের সঙ্গে যোগাযোগ করে নথিপত্র যাচাই করা হলে তিনি নিশ্চিত করেন, উদ্ধার হওয়া চালানটি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে এবং তার স্বাক্ষর ও অফিসিয়াল সীলও জাল করা হয়েছে। এরপরই ভুয়া কাগজপত্রের মাধ্যমে অবৈধভাবে পণ্য পরিবহনের দায়ে পুরো জিরার চালান জব্দ করা হয়।

জব্দ করা আমদানি-নিষিদ্ধ জিরাগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে হবিগঞ্জ কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অর্থনীতি সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার এবং চোরাচালান প্রতিরোধে সীমান্তবাসীর সক্রিয় সহযোগিতা কামনা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত