ফেনী

বালু ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ৫

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৯:১৪ পিএম

ফেনীর ছাগলনাইয়ায় বালু ব্যবসার হিসাব-নিকাশ ও পাওনা টাকাকে কেন্দ্র করে জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গুলিবদ্ধ হয়ে স্থানীয় এক বিএনপি নেতাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ছাগলনাইয়া আদালত মাঠসংলগ্ন শহীদ মিনার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন— ছাগলনাইয়া উপজেলা বিএনপির নেতা রিয়াজ উদ্দিন মজুমদার (টিপু), তার গাড়িচালক আদনান এবং সমর্থক হুমায়ুন, সোহেল ও ইমন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনী নদী থেকে বালু উত্তোলনের ব্যবসা নিয়ে ঘোপাল ইউনিয়ন বিএনপির নেতা আলমগীর সিদ্দিকী ও উপজেলা বিএনপি নেতা রিয়াজ উদ্দিন মজুমদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

আহত রিয়াজ উদ্দিন মজুমদার অভিযোগ করে বলেন, বালু ব্যবসার লভ্যাংশ বাবদ আলমগীর সিদ্দিকীর কাছে তার প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকা পাওনা রয়েছে। এ নিয়ে বিরোধের জেরে শুক্রবার রাতে জয়নাল ও ইসমাইল নামের দুই ব্যক্তি বিষয়টি মীমাংসা করার কথা বলে তাকে আদালত মাঠ এলাকায় ডেকে নেন। রিয়াজ উদ্দিনের দাবি, তিনি ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই আলমগীর সিদ্দিকীর নেতৃত্বে কয়েকটি গাড়িতে এসে বেশ কয়েকজন সশস্ত্র ব্যক্তি চারদিক থেকে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ শুরু করে। এ সময় গুলির স্প্লিন্টার তার পায়ে লাগে এবং শটগান দিয়ে মাথায় আঘাত করা হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার চালকসহ অন্য সমর্থকেরাও আহত হন। গুলির বিকট শব্দে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পরে হামলাকারীরা শুভপুর সড়ক হয়ে দ্রুত সটকে পড়ে। 

ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত বিএনপি নেতা আলমগীর সিদ্দিকীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আহত রিয়াজ উদ্দিন মজুমদার বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০–৩০ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত