হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে অষ্টম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার ধর্মঘর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের মেয়ে উম্মে খাদিজা মুন্নী স্থানীয় বঙ্গবীর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার জন্মনিবন্ধন সনদ (জন্মনিবন্ধন নম্বর: ২০১০৩৬১৭১৬০১০৭২০২, জন্মনিবন্ধন বহি নম্বর: ১১) অনুযায়ী জন্মতারিখ ৩১ জানুয়ারি ২০১০। সে হিসাবে সোমবার (২৭ জুলাই) পর্যন্ত তার বয়স ১৬ বছর ৫ মাস ২৭ দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) উপজেলার শিবপুর গ্রামের আলী আহমদ নামের এক যুবকের সঙ্গে তার বিয়ের আয়োজন করা হয়। তবে পাত্রের পিতার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিষয়টি প্রশাসনের নজরে এলে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগমকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ধর্মঘর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মুখলেছুর রহমানের সঙ্গে যোগাযোগ করে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করতে বলেন।
এরপর স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি জানতে পেরে মেয়ের অভিভাবকরা বিয়ের আয়োজন থেকে সরে আসেন বলে জানিয়েছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম।
তিনি আরও জানান, মেয়ের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া সম্ভব হয়নি। তবে স্থানীয় ইউপি সদস্য মুখলেছুর রহমান জানিয়েছেন, আজই অভিভাবকদের কাছ থেকে মুচলেকা সংগ্রহ করে প্রশাসনের কাছে জমা দেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, ‘বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন বদ্ধপরিকর। এ ধরনের কোনো ঘটনার তথ্য পেলেই দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’