সকল গণপরিবহনের জন্য জরুরি নির্দেশনা বিআরটি’র

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১২:১৫ পিএম

দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ ছাড়া নতুন যানবাহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র জমা দিতে হবে। একই সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটি সচল রয়েছে কি না, তা প্রদর্শন করতে হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআরটিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এবং গণপরিবহনে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপন অনুযায়ী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক হবে।

বিআরটিএ জানিয়েছে, জিপিএস ডিভাইসের কারিগরি মানদণ্ড সংস্থাটির স্থানীয় কার্যালয় ও ওয়েবসাইটে পাওয়া যাবে। নতুন রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ নবায়নের আবেদন করার সময় সংশ্লিষ্ট বিআরটিএ কার্যালয়ে জিপিএস সংযোজনের প্রমাণপত্র জমা দিতে হবে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটির কার্যকারিতা দেখাতে হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী জিপিএস সংযোজন নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ দেওয়া বা নবায়ন করা হবে।

এ বিধান বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পরিবহন মালিক ও তাঁদের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত