শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা আট দিন পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এ ছাড়া সরকারি ছুটি ব্যতীত বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম জানান, আগামী ১৭ অক্টোবর শনিবার থেকে ভারতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। পূজা চলবে ২২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত। এ সময় ভারতের অভ্যন্তরে বিভিন্ন সড়কের ওপর প্রতিমা নির্মাণের কারণে যানবাহন চলাচল ব্যাহত হয়।
তিনি বলেন, এ উপলক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত টানা সাত দিন হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। এ বিষয়ে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চিঠির মাধ্যমে তাঁদের অবহিত করা হয়েছে। পূজার ছুটি শেষে ২৪ অক্টোবর শনিবার থেকে পুনরায় বন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হবে।
তিনি আরও জানান, ১৬ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে ওই দিনও বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে সাপ্তাহিক ছুটি ও দুর্গাপূজা মিলিয়ে টানা আট দিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
এদিকে, বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি ছুটি ছাড়া বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম চালু থাকবে। এ সময় আমদানিকারকেরা চাইলে তাঁদের আমদানি করা পণ্য খালাস নিতে পারবেন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া জানান, দুর্গাপূজা উপলক্ষে স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। প্রতিদিনের মতো এ সময়ও সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দুই দেশের মধ্যে যাত্রীরা যাতায়াত করতে পারবেন।