চিকিৎসার পাশাপাশি অন্যান্য জরুরি প্রয়োজনে একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন।
বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শুধু নিজের চিকিৎসার জন্য অর্থ উত্তোলনের সুযোগ ছিল। এখন থেকে মা-বাবা, সন্তান, ভাই-বোন ও স্বামী-স্ত্রীর চিকিৎসাসহ অন্যান্য জরুরি প্রয়োজনেও অর্থ তোলা যাবে।
একীভূত পাঁচ ব্যাংক হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার জন্য ঘোষিত স্কিম সংশোধন করে এ সুযোগ যুক্ত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, চিকিৎসার পাশাপাশি বিয়ে বা পরিবারের সদস্যদের জরুরি প্রয়োজনেও গ্রাহকদের অর্থের প্রয়োজন হতে পারে। সংশোধিত স্কিমে এসব বিষয় বিবেচনায় নিয়ে অর্থ উত্তোলনের সুযোগ রাখা হয়েছে।
জানা গেছে, আমানত বীমা তহবিল থেকে দুই লাখ টাকা পর্যন্ত পরিশোধের পাশাপাশি অবশিষ্ট অর্থ পর্যায়ক্রমে ফেরত দিতে স্কিম ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ পর্যন্ত ৮ লাখ ২২ হাজার আমানতকারীকে ৩ হাজার ৮৮৭ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
এদিকে, গত ডিসেম্বর শেষে পাঁচ ব্যাংকের মোট ঋণের স্থিতি ছিল ১ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর বিপরীতে জামানত ছিল মাত্র ৪৭ হাজার ৯০০ কোটি টাকা। বর্তমানে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৭০ হাজার ৫০০ কোটি টাকা, যা মোট ঋণের ৮৭ দশমিক ৪৩ শতাংশ।
