বাংলা কিউআর ব্যবহারে জনসচেতনতা বাড়াতে আয়োজিত রিলস মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (২০ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গভর্নর মো. মোস্তাকুর রহমান বিজয়ী ১০ জনের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় তিনি বলেন, বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে এবং ভবিষ্যতে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আরও আধুনিক প্রযুক্তি যুক্ত হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরবৃন্দ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান, নির্বাহী পরিচালক এবং পরিচালকরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গভর্নর বলেন, ১ জুলাই থেকে লেনদেনে বাংলা কিউআর বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে গ্রাহকদের নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও নিরাপদ। পাশাপাশি জাল টাকা ও ছেঁড়া-ফাটা নোটের ভোগান্তিও কমবে।
তিনি আরও বলেন, বিশ্বজুড়ে আর্থিক লেনদেনে দ্রুত ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ছে। বাংলাদেশও বাংলা কিউআরের মাধ্যমে সেই যাত্রা শুরু করেছে। ভবিষ্যতে দেশের পেমেন্ট ব্যবস্থায় আরও আধুনিক প্রযুক্তি যুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। গভর্নর জানান, গ্রাহকদের মধ্যে বাংলা কিউআরের ব্যবহার নিশ্চিত করতে সব ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলা কিউআর সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল লেনদেনে এর ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এই রিলস মেকিং প্রতিযোগিতার আয়োজন করে। এতে সারা দেশ থেকে অংশগ্রহণকারীরা বাংলা কিউআরের সুবিধা তুলে ধরে বিভিন্ন সচেতনতামূলক ভিডিও তৈরি করেন।