বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ পরিচালিত 'কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের জন্য প্রয়োগভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা' শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ব্যাচে চারজন নারী কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশিক্ষণের মোট আসনসংখ্যা ৩০টি অপরিবর্তিত রেখে চারজন পুরুষ কর্মকর্তা স্বেচ্ছায় তাদের মনোনয়ন প্রত্যাহার করায় তাদের স্থলে চারজন নারী কর্মকর্তাকে সুযোগ দেওয়া হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ব্যাচে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগ থেকে মোট ৪৭৩ জন কর্মকর্তা আবেদন করেন। তাদের মধ্যে ৬৫ জন ছিলেন নারী কর্মকর্তা।
প্রাথমিকভাবে প্রতিটি বিভাগের আবেদনকারীদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে অংশগ্রহণকারীদের নির্বাচন করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়। তবে এ প্রক্রিয়ায় অনিচ্ছাকৃতভাবে কোনো নারী কর্মকর্তা চূড়ান্ত তালিকায় স্থান পাননি।
পরে বিষয়টি পুনর্বিবেচনা করা হলে চারজন পুরুষ কর্মকর্তা স্বেচ্ছায় তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। নারী আবেদনকারীদের অংশগ্রহণের হার (প্রায় ১৪ শতাংশ) বিবেচনায় নিয়ে তাদের স্থলে চারজন নারী কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়।
প্রশিক্ষণে অন্তর্ভুক্ত চার নারী কর্মকর্তা হলেন— আফসানা রহমান (অতিরিক্ত পরিচালক, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ), নাজিয়া হক (অতিরিক্ত পরিচালক, পেমেন্ট সিস্টেম বিভাগ-১), শামীমা আফরোজ (উপপরিচালক, ব্যাংক তদারকি বিভাগ-১০) এবং শারমিন আক্তার (উপপরিচালক, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১)।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ প্রশিক্ষণ কর্মসূচির আরও একাধিক ব্যাচ পর্যায়ক্রমে পরিচালিত হবে। ফলে যেসব কর্মকর্তা এবার অংশগ্রহণের সুযোগ পাননি, তারা পরবর্তী ব্যাচগুলোতে আবেদন ও অংশগ্রহণের সুযোগ পাবেন।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, দীর্ঘদিন ধরেই নারীবান্ধব কর্মপরিবেশ, সমান সুযোগ এবং পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। দক্ষতা উন্নয়নমূলক সব কার্যক্রমে নারী-পুরুষ নির্বিশেষে সকল কর্মকর্তার অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ।