সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা আফরোজা সুলতানাকে হত্যার দায়ে গাড়িচালক হৃদয় বেপারী ওরফে হৃদয় মিঞাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
গতকাল বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মঈন চৌধুরী, আসামির মৃত্যুদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন। আদালত আসামিকে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানোর নিদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ঢাকার মধ্য বাড্ডা এলাকায় আফরোজা সুলতানা ছিলেন সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেডের এমআইএস ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার।
২০২২ সালের ১৩ মার্চ মধ্য বাড্ডার ফ্ল্যাটে তাকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পরদিন তার ভাই মো. আল মজিদ বাদী হয়ে বাড্ডা থানায় এই মামলাটি করেন। সিসিটিভি ভিডিও দেখে আসামি হৃদয় বেপারী ওরফে হৃদয় মিঞাকে পুলিশ গ্রেপ্তার করে।
পরবর্তীতে আসামির স্বীকারোক্তি ও তথ্য-প্রমাণের ভিত্তিতে জানা যায়, আসামি হৃদয় অনলাইন জুয়ায় আসক্ত হয়ে বিপুল টাকা দেনাগ্রস্ত হন। দেনা মেটাতে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের জন্য তিনি আফরোজাকে একা পেয়ে চাকু দিয়ে গলা কেটে তাকে হত্যা করেন। লুণ্ঠিত ২২.০৪ গ্রাম স্বর্ণালঙ্কার তার কাছ থেকে উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের এসআই মো. রিপন উদ্দিন তদন্ত শেষে ২০২৩ সালের ৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২৩ সালের ১৫ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। বিচার চলাকালে আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণ করে এ রায় দেন।
