গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা এবং নিম্ন আয়ের মানুষের জন্য আবাসনের সুযোগ সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে দেশের জন্য সবুজ ভবন ও জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ এখন সময়ের দাবি। পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি এবং স্বল্প কার্বন নকশার ব্যবহার কার্বন নিঃসরণ কমাবে এবং দুর্যোগ মোকাবিলায় আমাদের সক্ষমতা বৃদ্ধি করবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ইউএনওপিএসের যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন মন্ত্রী। মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, বাংলাদেশে ইউএনওপিএসের কান্ট্রি ম্যানেজার মি. সুধীর মুরালিধারণ প্রমুখ।
জাকারিয়া তাহের বলেন, বাংলাদেশে ২০৩৭ সালের মধ্যে নগরবাসীর সংখ্যা গ্রামীণ জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে এবং ২০৫০ সালের মধ্যে দেশের ৫৬ শতাংশের বেশি মানুষ শহরে বসবাস করবে। তাই দ্রুত নগরায়ণ এবং আবাসন চাহিদার প্রেক্ষাপটে বাংলাদেশে টেকসই নির্মাণব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।
