সাম্প্রদায়িক সহিংসতার জেরে নেপালের বিভিন্ন শহরে কারফিউ

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০২:৩৩ পিএম

নেপালের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি শহরে সাম্প্রদায়িক সহিংসতার জেরে শুক্রবারও (৩১ জুলাই) অনির্দিষ্টকালের কারফিউ বহাল রয়েছে। রবিবার শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র রয়টার্স। 
 
ভারত সীমান্তবর্তী সুনসারি জেলার দেওয়ানগঞ্জ শহরে রবিবার রাতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। কর্মকর্তাদের ভাষ্য, একটি হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানো এবং ধর্মীয় পতাকা টানানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সহিংসতা ছড়িয়ে পড়ে।
 
রবিবার সুনসারি জেলায় গুলিতে দুজন নিহত হন। এরপর বৃহস্পতিবার পার্শ্ববর্তী সিরাহা জেলায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে জানিয়েছেন, নিহতদের ঘটনাগুলোর তদন্ত চলছে।

শুক্রবার নতুন করে কোনো সহিংসতার ঘটনা না ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েকটি শহরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি রাখা হয়েছে।

এদিকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বৃহস্পতিবার জাতির উদ্দেশে বিরল এক টেলিভিশন ভাষণে জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, সরকার সহিংসতার ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করবে এবং দায়ীদের বিরুদ্ধে স্বচ্ছ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং বৃহস্পতিবার সুনসারিতে নিহত দুজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। সরকার জানিয়েছে, নিহত প্রত্যেকের পরিবারকে প্রায় ৬ হাজার ৬৬০ মার্কিন ডলার সমপরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া শুক্রবার তার সিরাহা সফর করে তৃতীয় নিহত ব্যক্তির পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত