রাজধানীর কলাবাগানে একটি হোস্টেল থেকে পিংকি বিশ্বাস (১৯) নামে এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কলাবাগানের ক্রিসেন্ট রোডের ৭২ নম্বরের একটি ৫ তলা ভবনের নিচতলার হোস্টেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পিংকি আনোয়ার খান মডার্ন নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বরিশাল জেলার উজিরপুর থানার জামবাড়ি গ্রামের প্রফুল্ল বিশ্বাসের মেয়ে।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) লিজা আক্তার বলেন, খবর পেয়ে ওই হোস্টেলের দরজা ভেঙে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তিনি জানান, ওই হোস্টেলে আরও তিনজন থাকতেন। বাকি দুজন ছুটিতে গ্রামের বাড়িতে রয়েছেন।
