রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি ব্যানার, একটি ভাড়াকৃত মাইক্রোবাস ও দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সুজন হোসেন, নাসির, রবিউল ইসলাম, আরিফুল ইসলাম আকাশ, আলমগীর ইসলাম, বিল্লাল হোসেন, মনিরুজ্জামান শাওন, তারেক, নাঈম, সৈয়দ লিমন, ইব্রাহিম। এদের প্রত্যেকের বয়স ২০ থেকে ৩০-এর মধ্যে। এ ছাড়া ছয়জন শিশু রয়েছে।
গতকাল শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, শুক্রবার সকালে পল্লবী থানাধীন মিরপুর-১২ এলাকায় মেট্রোরেলের পিলার নম্বর-১৪০-এর পূর্ব পাশে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের উদ্দেশ্যে মিছিল করছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। মিছিল চলাকালে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে একটি ব্যানার, একটি ভাড়াকৃত মাইক্রোবাস ও দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
